ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরান যেমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পাশাপাশি দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এ পর্যন্ত এক হাজার ইরানি নিহত হয়েছেন।
এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে নারী এশিয়ান কাপ ২০২৬। উক্ত টুর্নামেন্ট খেলতে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে কুইনসল্যান্ডে অবস্থান করছেন ইরানের নারী দল। কিন্তু তাদের তো আর খেলার প্রতি মন টানছে না। ইরানি নারী দলের খেলোয়াড়দের মন-প্রাণ কাঁদছে দেশের জন্য। কারণ সেখানে তাদের পরিবার-পরিজন রয়েছে।
অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডের গোল্ড কোস্টে আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইরান। উক্ত ম্যাচের আগে ফুটবল দলের যথারীতি সংবাদ সম্মেলনে এসেছিলেন ইরানের ফরোয়ার্ড সারা দিদার। তার কাছে সাংবাদিকরা খেলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের আলোচিত যুদ্ধাবস্থার ইস্যু নিয়ে জানতে চাওয়া হয়।
উক্ত সংবাদ সম্মেলনে ইরান নিয়ে কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন সারা দিদার। ছলছল চোখে ইরানের ফরোয়ার্ড বলেন, ‘ইরানে যা ঘটেছে, তাতে সেই দেশে থাকা পরিবার ও প্রিয়জনদের নিয়ে আমরা চিন্তিত। তবে সত্যিই আশা করি সামনে আমরা ভালো খবর পাব। আমাদের দেশ শক্তভাবে টিকে থাকবে।’
সংবাদ সম্মেলনে সারার সঙ্গে এসেছেন ইরানের কোচ মারজিয়া জাফারি। কোচও ইরানের সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন, ‘ইরানে আমাদের পরিবার ও মানুষের জন্য আমরা ভীষণ উদ্বিগ্ন। কেউ যুদ্ধ পছন্দ করে না। তবে এখানে আমরা পেশাদার ফুটবল খেলতে এসেছি। সামনের ম্যাচ ও খেলায় মনোযোগ ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি।’