ফেডারেল সরকারের দীর্ঘদিনের অচলাবস্থায় বিমান চলাচলে বড় ধরনের সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অভ্যন্তরীণ, আগত ও প্রস্থান—এই তিন ধরনের মিলিয়ে ১,৪০০ এর অধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রায় ৬,০০০ ফ্লাইট বিলম্বিত হয় বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটঅ্যাওয়ার।
শনিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বিমান চলাচলের সক্ষমতা ১০% পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। এফএএ ব্যাখ্যা করে বলেছে, শাটডাউনের কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বেতন ছাড়া কাজ করছেন এবং মানসিক ও শারীরিক ক্লান্তি বাড়ছে। ফলে নিরাপত্তার বিষয় বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে শার্লট/ডগলাস ইন্টারন্যাশনাল, নিউয়ার্ক লিবার্টি এবং শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে। বিশেষ করে নিউ জার্সির নিউয়ার্কে আগত ফ্লাইটগুলো গড়ে চার ঘণ্টার বেশি বিলম্বিত হয়, এবং প্রস্থানকারী ফ্লাইটের গড় বিলম্ব দেড় ঘণ্টার কাছাকাছি।
এমতাবস্থায় বিমান সংস্থাগুলোর পক্ষ থেকে দ্রুত সমাধানের আহ্বান জানানো হচ্ছে। আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে বলে, “ওয়াশিংটনের নেতৃবৃন্দ দ্রুত সমাধানে পৌঁছাক, যাত্রীদের ভোগান্তি বাড়ছে।” জানা যায়, রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় অর্থায়ন বিল এখনো পাস হয়নি। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম এই শাটডাউন অচলাবস্থায় প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।