Ridge Bangla

যুক্তরাষ্ট্রে দীর্ঘতম অচলাবস্থার অবসান: ব্যয় বিল স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা অবসান হয়েছে। দেশটির প্রতিনিধি পরিষদে ব্যয় বিল পাস হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করেন। ফলে ৪৩ দিন পর পুনরায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফেডারেল সরকার। প্রতিনিধি পরিষদে ২২২–২০৯ ভোটে বিলটি অনুমোদিত হয়। এর আগে সিনেটেও অল্প ব্যবধানে প্রস্তাবটি পাস হয়। বিলটিতে স্বাক্ষর করার পর হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, “সরকার এখন স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। অনেক মানুষ এই অচলাবস্থায় ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

অচলাবস্থার কারণে অক্টোবর থেকে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী বেতন ছাড়া কাজ করছিলেন বা বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। খাদ্য সহায়তা বন্ধ ছিল, বিমান চলাচল ব্যাহত হয় এবং দেশজুড়ে বিভিন্ন সেবাখাত স্থবির হয়ে পড়ে। এখন সরকারি কার্যক্রম কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, কর্মীসংকটের কারণে যে বিমান চলাচল সীমিত করা হয়েছিল, তা ধীরে ধীরে স্বাভাবিক হবে। থ্যাংকসগিভিং ছুটির আগেই বিমান চলাচলের ব্যাঘাত কমে আসবে বলে আশা করা হচ্ছে। এই ভোটে অংশ নিতে উইসকনসিনের রিপাবলিকান এমপি ডেরিক ভ্যান অর্ডেন মোটরসাইকেলে চড়ে প্রায় ১,৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওয়াশিংটনে পৌঁছান।

তবে বিলটি ৩০ জানুয়ারি পর্যন্ত অস্থায়ী অর্থায়ন দিচ্ছে, এরপর সরকার চালু রাখতে আবারও নতুন বাজেট প্রস্তাব আনতে হবে। ট্রাম্প বিল স্বাক্ষরের আগে ডেমোক্র্যাটদের দায়ী করে বলেন, “তারা স্পষ্ট রাজনৈতিক কারণেই এটা করেছে।” তিনি আরও বলেন, “আগামী মধ্যবর্তী নির্বাচনে ভুলে যেও না, তারা আমাদের দেশের সঙ্গে যা করেছে।”

This post was viewed: 33

আরো পড়ুন