মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র শীত ও শক্তিশালী তুষারঝড়ের প্রভাবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাত ও অস্বাভাবিক ঠান্ডায় দেশের বিভিন্ন অঙ্গরাজ্যে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক-মহাসড়ক, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বরফে ঢেকে গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, টেক্সাসের ফ্রিস্কোতে স্লেজে খেলতে গিয়ে দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর মারা যায়। অস্টিন এলাকায় তীব্র ঠান্ডায় একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। লুইজিয়ানায় তিনজন, মিসিসিপিতে দুজন, আরকানসাসে ১৭ বছর বয়সী এক কিশোর, নর্থ ক্যারোলিনায় একজন ব্যক্তি এবং ক্যানসাসে একজন নারী হাইপোথার্মিয়ায় প্রাণ হারান। নিউইয়র্ক সিটিতে বাইরে অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ম্যাসাচুসেটসে তুষার পরিষ্কারকারী গাড়ির ধাক্কায় একজন নারী নিহত হন। টেনেসিতে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) সতর্ক করে জানায়, সপ্তাহজুড়ে ‘প্রচণ্ড শীত’ অব্যাহত থাকতে পারে। পূর্বাঞ্চলের দুই-তৃতীয়াংশ এলাকায় বিপজ্জনক ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকতে পারে।
তুষারঝড়ের প্রভাবে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার সকালে প্রায় ৮ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন; বিকেলে তা কমে প্রায় ৭ লাখে দাঁড়ায়। মিসিসিপির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং উদ্ধারকাজে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাও স্থবির হয়ে পড়েছে।
মিসিসিপি বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ক্যাম্পাসে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস বন্ধ ঘোষণা করেছে। এদিকে রোববার একদিনেই সাড়ে ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়; সোমবারও বাতিল হয় প্রায় ৫ হাজার ফ্লাইট। ম্যাসাচুসেটসে সর্বোচ্চ ৫১ সেন্টিমিটার এবং পেনসিলভানিয়ায় ৫৮ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড হয়েছে।