Ridge Bangla

যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে বৈধ প্রার্থী ১,৮৪২ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই শেষে দেশের ৩০০ সংসদীয় আসনে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। ইসি জানায়, এবার কমিশন থেকে ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও দাখিল করা হয় ২ হাজার ৫৬৮ জন প্রার্থীর মনোনয়নপত্র। অঞ্চলভিত্তিক তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলের ৩৩টি আসনে ২৭৯টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ২১৯টি বৈধ এবং ৫৯টি বাতিল হয়। রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে ২৬০টি মনোনয়নপত্রের মধ্যে ১৮৫টি বৈধ ও ৭৪টি বাতিল ঘোষণা করা হয়েছে। খুলনা অঞ্চলের ৩৬টি আসনে জমা পড়া ২৭৫টি মনোনয়নপত্রের মধ্যে ১৯৬টি বৈধ হয়।

বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৬২টি মনোনয়নপত্রের মধ্যে ১৩১টি বৈধ এবং ৩১টি বাতিল হয়। ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে ৩১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন, যার মধ্যে ১৯৯ জনের প্রার্থিতা বৈধ হয়। ঢাকা অঞ্চলের ৪১টি আসনে সর্বোচ্চ ৪৪২টি মনোনয়নপত্র জমা পড়ে, এর মধ্যে ৩০৯টি বৈধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ফরিদপুর অঞ্চলে ৯৬, সিলেট অঞ্চলে ১১০, কুমিল্লা অঞ্চলে ২৫৯ এবং চট্টগ্রাম অঞ্চলে ১৩৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। নির্বাচন কমিশন আরও জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তাঁর নামে দাখিল করা তিনটি মনোনয়নপত্র যাচাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী ৫ থেকে ৮ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

This post was viewed: 25

আরো পড়ুন