আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে কয়েকজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে। এদিন দুটি সংসদীয় আসনে মোট তিন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। পাশাপাশি আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেওয়া হয়।
আজ শুক্রবার (২ জানুয়ারি) খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির দুই প্রার্থী। খুলনা-৫ আসনের শামীম আরা পারভীন (ইয়াসিন) ও খুলনা-৬ আসনের মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। এছাড়া খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমানের প্রার্থিতা আপাতত স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর এই দুটি আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তিনটি মনোনয়ন বাতিল ও একটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা-৫ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলী আসগার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার এবং বাংলাদেশ খেলাফত মজলিশের মো. আব্দুল কাইউম জমাদ্দার।
অন্যদিকে খুলনা-৬ আসনে মনোনয়ন বৈধ হয়েছে জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, বিএনপির এসএম মনিরুল হাসান (বাপ্পী), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল্লাহ ফকির এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডলের।