যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরেই ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দিবসটির কর্মসূচি।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরবর্তীতে দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানকে সঙ্গে নিয়ে পুনরায় শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরাও শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ, এনডিএম, এবি পার্টি, জাতীয় পার্টি, বিজেপি, জেপি, সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেএসডি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন।