মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে ২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত), ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের নেতৃত্বে এবং নির্বাচনি বেইজ ক্যাম্প থেকে আগত আরেকটি টহলদলের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে গেলে পরবর্তীতে সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এ অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিজিবি জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উচ্চ বিস্ফোরক ও অস্ত্র অনুপ্রবেশ দেশের নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার স্পষ্ট অপচেষ্টা। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পর থেকেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রতিরোধ করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।