রাজধানীর মোহাম্মদপুরের সুনিবিড় হাউজিং ও জেনেভা ক্যাম্প এলাকায় পৃথক অভিযানে মাদক, ধারালো অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ও মোহাম্মদপুরের বছিলা সেনা ক্যাম্প সূত্র জানায়, বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। রাত একটার দিকে শুরু হওয়া এ অভিযানে ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ইয়াবা বড়ি, বিপুলসংখ্যক সিম কার্ড এবং দুটি বড় আকারের ধারালো ছুরি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মাহবুব, সুমন, রাসেল, মোমিন, সাইদুল ও মুকুল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় সেনা ক্যাম্প। তাঁদের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে বলেও উল্লেখ করা হয়।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানের সময় সন্দেহভাজনরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে রয়েছে ১০ হাজার ইয়াবা বড়ি, ৬০০ গ্রাম গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন, একটি বিদেশি মদের বোতল, মাদক পরিমাপের যন্ত্র এবং প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা। এ সময় পাঁচটি সিসিটিভি ক্যামেরাও জব্দ করা হয়।
এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।