রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে নিউ রানা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানটির শাটার ও কেচিগেট ভেঙে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রূপা এবং নগদ চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণ ও রূপার বাজারমূল্য প্রায় এক কোটি ৭৫ লাখ টাকার বেশি বলে দাবি করেছেন দোকান মালিক।
সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে এই ঘটনা ঘটে। দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। পরদিন সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে দেখেন শাটার ও গেটের তালা ভাঙা। ভেতরে ঢুকে দোকানজুড়ে ভাঙচুরের চিহ্ন দেখতে পান এবং সিন্দুকসহ সব স্বর্ণ ও রূপা উধাও।
মাসুদ রানা বলেন, তার নিজের ৫০ ভরি স্বর্ণ এবং বন্ধক রাখা আরও ২০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। পাশাপাশি ৬০০ ভরি রূপা ও স্বর্ণ কেনাবেচার গুরুত্বপূর্ণ রশিদও নিয়ে গেছে চোরেরা। তার হিসাবে, চুরি হওয়া ৭০ ভরি স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা এবং রূপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর দোকানে প্রবেশ করে। তারা কাচ ভেঙে সিন্দুক বের করে কিছুক্ষণ ভেতরে অবস্থান করে এবং পরে একটি পিকআপে করে স্বর্ণ ও রূপা নিয়ে পালিয়ে যায়।