মোবাইল ফোন মেরামতের উদ্দেশ্যে বের হয়ে অপহরণের শিকার হন তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুব সেন (২৩)। পরে র্যাব-১-এর অভিযানে তাঁকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণ চক্রের প্রধান সদস্য আবরার আবেদীন খান (২১) গ্রেপ্তার হয়েছেন।
র্যাব সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর বিকেলে ধ্রুব সেন মোবাইল মেরামতের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিনি মোবাইল মেরামতের জন্য বাবার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। বাবা টাকা না দিলেও একপর্যায়ে তাঁর বড় ভাই বিকাশে ৫ হাজার টাকা পাঠান। পরে রাত গভীর হলে ধ্রুবের বান্ধবী তাঁর পরিবারকে জানায়, ধ্রুবকে অপহরণ করা হয়েছে এবং ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।
এ ঘটনায় ধ্রুবের বাবা উত্তরা পশ্চিম থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-১ গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালায়। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে সরদারবাড়ী এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে অপহৃত ধ্রুব সেনকে উদ্ধার করা হয় এবং আবরার আবেদীন খানকে আটক করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১-এর মিডিয়া উইং জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি একটি অনলাইনভিত্তিক স্পার্ম বিডি ডোনার গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ও তাঁর চক্র বিভিন্ন কৌশলে ভুক্তভোগীদের ফাঁদে ফেলে অপহরণ, ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। র্যাব জানায়, এ ধরনের প্রতারণা ও সংগঠিত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।