Ridge Bangla

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমাল সরকার

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখতে আমদানিকৃত মোবাইল ফোনে শুল্ক বড় পরিসরে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে আমদানিকৃত মোবাইল ফোনে বিদ্যমান শুল্ক প্রায় ৬০ শতাংশ হ্রাস পেল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর। এ লক্ষ্যে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমিয়ে এসআরও নং ১৫-আইন/২০২৬/কাস্টমস জারি করা হয়েছে।

এনবিআর জানায়, শুধু আমদানিকৃত ফোন নয়, দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতেও শুল্ক হ্রাস করা হয়েছে। সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করে এসআরও নং ১৬-আইন/২০২৬/কাস্টমস জারি করা হয়েছে। ফলে সংযোজন উপকরণে বিদ্যমান শুল্ক প্রায় ৫০ শতাংশ কমেছে।

নতুন প্রজ্ঞাপন কার্যকর হওয়ায় ৩০ হাজার টাকার বেশি দামের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে এনবিআর। একই সঙ্গে ৩০ হাজার টাকার বেশি দামের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম কমতে পারে প্রায় ১ হাজার ৫০০ টাকা।

এনবিআর আশা করছে, শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোন সাধারণ মানুষের নাগালে আসবে এবং ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে।

This post was viewed: 11

আরো পড়ুন