দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা ও অবৈধ মাছ শিকার বন্ধে চাঁদপুর সদর উপজেলায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। অভিযানে ছোট প্রজাতির মাছ ধ্বংসকারী ১১টি মশারি জাল ও দুটি বেহুন্দি জাল উদ্ধার করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। তিনি জানান, সরকার ঘোষিত কম্বিং অপারেশন বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশীয় ছোট মাছ ও পোনা সংরক্ষণের লক্ষ্যে কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল যৌথভাবে মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানের সময় পুরান বাজার রনাগোয়াল, হরিসভা, সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া ও গাজিরটেক এলাকায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে নদীতে অবৈধভাবে পেতে রাখা নিষিদ্ধ মশারি ও বেহুন্দি জাল জব্দ করা হয়। এসব জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির ছোট মাছ, পোনা ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, জব্দকৃত জালগুলো বুধবার বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, বেলেগুড়া সহ দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।