মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত জেনারেশন জেড বা ‘জেন-জি’ তরুণদের বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়ে অন্তত ১২০ জন আহত হয়েছেন। শনিবার, ১৫ নভেম্বরের, এই ঘটনায় আহতদের বড় অংশই পুলিশ সদস্য।
স্থানীয় কর্তৃপক্ষ ও এএফপির তথ্যে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক–সংশ্লিষ্ট সহিংসতা, অপরাধ নিয়ন্ত্রণ ও সরকারের নিরাপত্তা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচির আহ্বান জানানো হয়। বিক্ষোভে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। ২০২৪ সালের অক্টোবর থেকে ক্ষমতায় থাকা শেইনবাউম সরকারের প্রতি জনসমর্থন থাকলেও সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড ও অপরাধ বৃদ্ধির কারণে তার নিরাপত্তা নীতি নিয়ে সমালোচনা জোরদার হয়েছে।
মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকেজ জানান, কয়েক ঘণ্টা শান্তিপূর্ণ বিক্ষোভের পর মুখ ঢেকে থাকা কিছু অংশগ্রহণকারী সহিংসতা শুরু করে। এতে ১০০ পুলিশ আহত হন, যাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আহত বিক্ষোভকারীর সংখ্যা ২০। ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগও রয়েছে।
ভাজকেজ আরও জানান, ন্যাশনাল প্যালেসের সামনে বিক্ষোভকারীরা জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। স্থানীয় প্রশাসন আহতদের চিকিৎসা ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।