ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মৃত্যুর কারণে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের বিধি ও আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে যেসব মনোনয়নপত্রে ত্রুটি পাওয়া গেছে, সেগুলো বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এ আসনে বাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)- এই তিন দলের প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটির কারণে বাতিল করা হয়েছে।
অন্যদিকে, বগুড়া-৭ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একই আসনে বিএনপির মোরশেদ মিলটন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলামের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ হিসেবে গৃহীত হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আরও জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তাঁর দাখিল করা মনোনয়নপত্রের বিষয়ে নির্বাচন আইনের আওতায় আর কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়। ফলে সংশ্লিষ্ট মনোনয়ন প্রক্রিয়া এখানেই শেষ বলে গণ্য হবে।