Ridge Bangla

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে তীব্র সংঘর্ষে নারীসহ গুলিবিদ্ধ ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও সশস্ত্র হামলার ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। গত রোববার (৮ মার্চ) রাত প্রায় ১০টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এলাকায় স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হারুন খাঁ ও তার ভাতিজা মান্নান খাঁর সঙ্গে মিজানুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার বিকেলে স্থানীয় কাদিরের দোকান থেকে ফেরার পথে মিজানুর রহমানকে প্রতিপক্ষের লোকজন মারধর করেছে বলে এমন অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে।

স্থানীয়দের অভিযোগ, বাড়তে থাকা উত্তেজনার একপর্যায়ে রাতে তারাবির নামাজ শেষে হারুন খাঁ ও তার ভাতিজা মান্নান খাঁর নেতৃত্বে আমিন খাঁসহ ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায়। হামলার সময় মিজানুরের বাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণের পাশাপাশি ভাঙচুরও চালানো হয়।

এ ঘটনায় মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নূপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেখ খাঁ, মোস্তাকিম, ইদ্রিস খাঁ ও সাফি বেগম আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া মিজানুর রহমানের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানিয়েছেন, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে নজরদারি জোরদার করেছে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রকৃত কারণ উদঘাটন শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

This post was viewed: 2

আরো পড়ুন