Ridge Bangla

মুজিববর্ষ ও ম্যুরাল নির্মাণে রাষ্ট্রীয় অপচয়ের অভিযোগে ৪ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন এবং সারাদেশে ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে- এমন অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, এ বিষয়ে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানের আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

দুদকের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা বিপুল অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, ব্যয়ের পেছনে প্রচলিত আইন, বিধি এবং প্রজ্ঞাপন উপেক্ষা করা হয়েছে, যার ফলে রাষ্ট্রের অপচয় ও আর্থিক ক্ষতি হয়েছে।

চিঠিতে অনুসন্ধান টিমকে নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অনুসন্ধান চলাকালে প্রয়োজনে ব্যাংক হিসাব জব্দ বা সম্পদ ক্রোক করার নির্দেশনা দেওয়ার কথাও জানানো হয়েছে।

এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানাসহ তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। এই মামলাগুলোর মধ্যে তিনটিতে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, অন্যান্য মামলায় সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিককেও আসামি করা হয়েছে।

This post was viewed: 37

আরো পড়ুন