Ridge Bangla

মিস ইউনিভার্সের মঞ্চ মাতালেন ফিলিস্তিনি নাদিন আইয়ুব

থাইল্যান্ডের পাকক্রেট শহরে অনুষ্ঠিত হচ্ছে ৭৪তম মিস ইউনিভার্স আসর। এবার ইতিহাস সৃষ্টি করেছেন ফিলিস্তিনি মডেল নাদিন আইয়ুব। তিনি প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্সের মঞ্চে অংশ নিচ্ছেন। ২৭ বছর বয়সী নাদিন বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন।

নাদিন আইয়ুব কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও সাহিত্যে স্নাতক করেছেন। তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছেন এবং পুষ্টিবিদ হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে প্রথমবারের মতো মিস ফিলিস্তিনের মুকুট তাঁর মাথায় উঠেছিল। একই বছর মিস আর্থ প্রতিযোগিতায় ফিলিস্তিনের হয়ে অংশ নিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নেন, যা ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম বড় অর্জন হিসেবে গণ্য করা হয়।

নাদিন বলেন, আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত। তিনি ফিলিস্তিনি নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে গ্রিন অলিভ একাডেমি প্রতিষ্ঠা করেছেন। এটি এআইভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও তিনি প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড-এর প্রতিনিধিত্ব করছেন এবং ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে সরব আছেন। মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম পর্বে নাদিন আইয়ুব পরেছেন ফিলিস্তিনের ঐতিহ্যবাহী শাতওয়া মাথার মুকুট। তার গাউনে রয়েছে জলপাইগাছের মোটিফ, যা ফিলিস্তিনের শান্তির প্রতীক। বিশেষভাবে গাউনে আল আকসা মসজিদের চিত্রকল্প অন্তর্ভুক্ত আছে, যা তার সাংস্কৃতিক পরিচয় এবং দেশের প্রতি ভালোবাসা ফুটিয়ে তোলে।

This post was viewed: 44

আরো পড়ুন