রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ভোরে প্রতিষ্ঠানটির সামনে ফুটপাতে এ বিস্ফোরণ ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাত পৌনে ৪টার দিকে হেলমেট পরা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশের টহল টিম উপস্থিত হলেও তারা কাউকে আটক করতে পারেনি।
তিনি আরও বলেন, “বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে এটি একটি পরিকল্পিত নাশকতার চেষ্টা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”
বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডিবি পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ শুরু করে। তারা অবিস্ফোরিত কিছু অংশ ও ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করেছে বলে জানা গেছে।
পুলিশ বলছে, বিস্ফোরণের উদ্দেশ্য ছিল ভয় সৃষ্টি ও অস্থিতিশীলতা ছড়ানো। তবে এখনো কোনো সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ থেকে ১১ পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি সাজ্জাদ রোমন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। আশা করছি খুব শিগগিরই দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হবে।”