বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন যে আগামী মার্চে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। তিনি ১৬ জানুয়ারি প্রকল্প পরিদর্শনের সময় এ কথা বলেন। এ তথ্য ১৮ জানুয়ারি প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প পরিদর্শন করে এর অগ্রগতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রকল্পে কর্মরত প্রকৌশলী ও কর্মীদের কাজের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে রূপপুর প্রকল্প জাতীয় বিদ্যুৎখাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। এই প্রকল্প দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ সরকারের একটি মেগা প্রকল্প, যার নির্মাণকাজ আন্তর্জাতিক মান অনুসরণ করে শেষ পর্যায়ে রয়েছে। রোসাটমের প্রকৌশলীদের মতে, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউনিট-১–এ ফুয়েল লোডিং সম্পন্ন হবে। মার্চের শেষদিকে ইউনিট-১ থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। পরবর্তীতে ধাপে ধাপে ইউনিট-১ থেকে প্রায় ১,১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সম্ভব হবে।
প্রকল্প পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিবসহ অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালকও উপস্থিত ছিলেন।