Ridge Bangla

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতন

ফরিদপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্ত্রী ও এসএসসি পরীক্ষার্থী সন্তানকে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে সাহিদ শেখ (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কেবল শারীরিক নির্যাতনই নয়, ক্ষুব্ধ ওই পিতা ছেলের শিক্ষাজীবন অনিশ্চিত করতে পুড়িয়ে দিয়েছেন তার মাধ্যমিক পরীক্ষার সব বই-খাতা।

সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাঝারদিয়া গ্রামের আকুব্বর শেখের ছেলে সাহিদ শেখ দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত। তার ছেলে আশিক শেখ এবার এসএসসি পরীক্ষার্থী। বাবার এই অন্ধকার পেশার কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতো আশিক। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) আশিক ও তার মা জাহানারা বেগম মাদক ছাড়ার জন্য সাহিদকে অনুরোধ করলে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে হিংস্র হয়ে ওঠেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষিপ্ত হয়ে সাহিদ তার স্ত্রী ও সন্তানকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে দীর্ঘক্ষণ মারধর করেন। নির্যাতনের একপর্যায়ে তিনি ছেলের পড়াশোনা বন্ধের উদ্দেশ্যে বই-খাতায় আগুন ধরিয়ে দেন। এমনকি তাদের ছোট সন্তানকে জিম্মি করে মা ও বড় ছেলেকে ঘর থেকে বের করে দেওয়া হয়।

বর্তমানে নিরাপত্তার অভাবে ঘরবাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন মা ও ছেলে। কান্নায় ভেঙে পড়ে জাহানারা বেগম গণমাধ্যমকে জানান, সাহিদ কোনোভাবেই মাদক ছাড়তে রাজি নন। উল্টো নেশার প্রতিবাদ করলে তাদের ওপর নিয়মিত নেমে আসে অমানুষিক নির্যাতন। বর্তমানে তিনি তার ছোট সন্তানকে ফেরত পাওয়ার পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন।

এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী আশিক শেখ সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত সাহিদ শেখ এর আগেও একাধিকবার মাদক মামলায় জেল খেটেছেন। তাকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন