মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সদর সাবরেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমি কার্যালয়ের নিচতলার ৫ নম্বর কক্ষের পেছনদিকের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এতে কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ারসহ অফিসের নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। প্রায় একই সময়ে সদর সাবরেজিস্ট্রি অফিসের তিনটি রুমে আগুন লাগে। যদিও এজলাসে তেমন ক্ষতি হয়নি, তবে তিনজন দলিল লেখকের গুরুত্বপূর্ণ দলিল, টিকিট ও রশিদ আগুনে পুড়ে নষ্ট হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রোল ও বেশ কয়েকটি খালি বোতল জব্দ করেছে।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা বলেন, “সহকারী কমিশনারের কার্যালয় ও সাবরেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ড হয়েছে। পেট্রোল বোমার কারণে আগুন লাগার প্রাথমিক ধারণা রয়েছে। দুটি প্রতিষ্ঠানের নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।”
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পেট্রোল বোমার বোতল জব্দ করেছে। জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।” সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. আসমা আক্তার বলেন, দুষ্কৃতকারীরা জানালা ভেঙে বোমা নিক্ষেপ করেছে। আগুনে অফিসের নিচতলার একটি রুমের সম্পূর্ণ ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।