মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (১৪ ডিসেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের মূল দিনে সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ ঢাকাসহ সারাদেশে দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ৭টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং সব পর্যায়ের নেতা-কর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৯টায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নেতা-কর্মীরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় এবং নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হবে। দিবসটি স্মরণে দলের পক্ষ থেকে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।