ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তার ভাষায়, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে জনগণের প্রধান আকাঙ্ক্ষা হলো একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই অধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন, সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যেন ভয়মুক্ত ও স্বাধীন পরিবেশে ভোট দিতে পারে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নিতে দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান তিনি। পরে স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সাংবাদিক আনসার হোসেনের শিশুপুত্রের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।