ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানির শেষ দিনের কার্যক্রম চলমান। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানি শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সব সদস্য উপস্থিত থেকে আপিলগুলোর শুনানি গ্রহণ করছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ শেষ দিনে ক্রমিক নম্বর ৬১১ থেকে ৬৪৫ পর্যন্ত আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হবে। পাশাপাশি পূর্ববর্তী দিনগুলোতে শুনানি শেষে যেসব আপিলের রায় স্থগিত রাখা হয়েছিল, সেগুলোরও চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
এর আগে শুনানির অষ্টম দিনে নির্বাচন কমিশন মোট ১১২টি আপিলের শুনানি গ্রহণ করে। এসব আবেদনের মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয় এবং বাকি আপিলগুলো খারিজ বা স্থগিত রাখা হয়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে দেশের ৩০০টি সংসদীয় আসনে জমা পড়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করে রিটার্নিং কর্মকর্তারা ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দাখিল করা হয়।
সংশোধিত তফসিল অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।