আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে কিংবা কোনো প্রার্থী অন্য প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে নির্ধারিত নিয়ম মেনেই নির্বাচন কমিশনে আপিল করতে হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, আপিল দাখিলের ক্ষেত্রে পূর্বে প্রকাশিত পরিপত্র-২ এর ১৯ নম্বর দফায় উল্লেখিত বিধানসমূহ কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্ধারিত নিয়মের বাইরে কোনো আপিল গ্রহণযোগ্য হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
প্রার্থীদের সুবিধার্থে কমিশন জানিয়েছে, আপিল করতে ইচ্ছুক ব্যক্তি বা তাদের মনোনীত প্রতিনিধিকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার জন্য নির্ধারিত নির্দিষ্ট বুথে আবেদন জমা দিতে হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফরম্যাট বা নমুনা আবেদনপত্র ব্যবহার করা বাধ্যতামূলক।
এছাড়া ঘোষিত নির্বাচনি তফশিল অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই আপিল সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সকল রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রার্থীদের দ্রুত অবহিত করার জন্য নির্দেশ দিয়েছে ইসি।
বরাবরের মতো এবারও আপিল শুনানির জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও আলাদা বুথ স্থাপন করা হবে। এসব শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত থেকে অভিযোগগুলো পর্যালোচনা এবং দ্রুত নিষ্পত্তি করবেন বলে জানিয়েছে কমিশন।