Ridge Bangla

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহ সংকট তীব্র হওয়ায় বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে আমদানি-নির্ভর দেশগুলোর ওপর, যার মধ্যে ফিলিপাইন অন্যতম।

ফিলিপাইনের মোট জ্বালানি তেলের প্রায় ৯৮ শতাংশই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করা হয়। সাম্প্রতিক তিন সপ্তাহে দেশটিতে একাধিক দফায় জ্বালানি তেলের দাম বেড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার এক নির্বাহী আদেশে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ‘আসন্ন বিপদের’ কথা উল্লেখ করে এই জরুরি অবস্থা ঘোষণা করেন।

সরকার জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং অর্থনীতিকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আইনি ক্ষমতা পাবে প্রশাসন। পাশাপাশি জ্বালানি সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

নির্বাহী আদেশে আরও বলা হয়, জ্বালানি তেল, খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুশৃঙ্খল বিতরণ তদারকির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে জ্বালানি মজুত বাড়াতে সরাসরি পেট্রোলিয়াম পণ্য কেনার অনুমতিও সরকারকে দেওয়া হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন