Ridge Bangla

মদিনায় ২১ লাখ গাছ লাগিয়ে সৌদি আরবের পরিবেশবান্ধব উদ্যোগ

সৌদি আরবের পবিত্র শহর মদিনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং মরুভূমিপ্রধান অঞ্চলে সবুজায়ন বাড়ানোর লক্ষ্য নিয়ে ২১ লাখের বেশি বৃক্ষরোপণ করেছে দেশটির ন্যাশনাল ওয়াটার কোম্পানি (এনডব্লিউসি)। এটি সৌদি গ্রিন ইনিশিয়েটিভ (এসজিআই) প্রকল্পের অংশ, যা পরিবেশ সংরক্ষণ এবং সবুজ অর্থনীতির পথে দেশটির অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে গণ্য হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মদিনার বৃক্ষরোপণে শতভাগ পরিশোধিত বর্জ্য পানি ব্যবহার করা হচ্ছে। এতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমেছে এবং বর্জ্য পানির পুনর্ব্যবহার নিশ্চিত হয়েছে। ২০২৫ সালে বিশেষভাবে মদিনার উত্তর-পশ্চিম সেক্টরে ৪ লাখ ৭২ হাজার গাছ রোপণ করা হয়েছে। এ পর্যন্ত রোপিত গাছের প্রায় ১০ শতাংশ এমন পর্যায়ে পৌঁছেছে, যা নিয়মিত সেচ ছাড়াও বাঁচতে পারছে।

২০২১ সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এসজিআই কার্যক্রম শুরু হয়। এর মূল লক্ষ্য ২০৬০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জন। মদিনার এই বৃক্ষরোপণ কার্যক্রম সেই লক্ষ্য পূরণের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

এনডব্লিউসি ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্টের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে আরও বিস্তৃত বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে। এতে মদিনার বায়ুর মান উন্নত হবে, বালু ঝড়ের প্রবণতা কমবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একে বিশ্বের অন্যান্য শুষ্ক ও মরুভূমি অঞ্চলগুলোর জন্য কার্যকর ও অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে দেখছেন।

This post was viewed: 7

আরো পড়ুন