Ridge Bangla

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৩০ জন

ভোলায় রাজনৈতিক উত্তেজনা চরমে! মিছিলকে কেন্দ্র করে জেলা বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গণমাধ্যমকর্মী শাহরিয়ার জিলনও রয়েছেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে ভোলা পৌর শহরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, সকাল ১১টার দিকে বিজেপি নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে শহরে মিছিল বের করেন এবং নতুন বাজারে সমাবেশ করেন। অন্যদিকে সদর রোডের মহাজনপট্টিতে দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে মিছিল নিয়ে নতুন বাজারের দিকে অগ্রসর হয় বিএনপি।

দুই মিছিল কাছাকাছি আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় কয়েকটি মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর হয়, বিজেপি কার্যালয়ের আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, বিএনপি পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নতুন বাজারের দিকে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। তদন্ত চলছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি আপাতত শান্ত বলে জানিয়েছেন তিনি।

This post was viewed: 26

আরো পড়ুন