Ridge Bangla

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০ জন

ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। সোমবার (দুপুর ৩টার দিকে) ভোলা–চরফ্যাশন সড়কের দুটি স্থানে এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

লালমোহন উপজেলার গজারিয়া বাজারসংলগ্ন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হন।

নিহতরা হলেন শিল্পী রানী দাস, তুষার দাস এবং অটোরিকশাচালক মো. সোহাগ। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাস ও অটোরিকশার অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভোলা ও চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে অটোরিকশাটি গজারিয়া বাজারের দিকে যাওয়ার সময় দ্রুতগতির বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সোহাগ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কুঞ্জেরহাট থেকে বোরহানউদ্দিনে যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যান এবং তার বন্ধু সিয়াম গুরুতর আহত হন। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিউল ইসলাম এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 3

আরো পড়ুন