রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। সোমবার (১০ নভেম্বর) ভোররাতে পৃথক দুটি স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে একযোগে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা গভীর রাতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। ঘটনার সময় বাসগুলো রাস্তার পাশে পার্ক করা ছিল এবং সেখানে কোনো যাত্রী বা চালক উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাসগুলোর সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুনের উৎস ও কারণ অনুসন্ধানে কাজ চলছে।
এদিকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারণে রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবেই এই অগ্নিসংযোগ ঘটানো হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।