ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সহিংসতা প্রতিরোধের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত সব বৈধ আগ্নেয়াস্ত্র আগামী ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তফসিল কার্যকর হওয়ার পর থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের জন্য আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে নির্ধারিত নীতিমালার আওতায় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বৈধভাবে মনোনয়ন জমা দিয়ে গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও তাদের অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদেশ কার্যকরে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।