ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটগ্রহণের দিন ও তার আগে-পরে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের সময় নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে টানা তিন দিন এবং অন্যান্য কিছু যানবাহন বন্ধ থাকবে ২৪ ঘণ্টা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন রাত ১২টা থেকে পরবর্তী রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। একই সঙ্গে মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
তবে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন, অনুমতিপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের গাড়ি, ওষুধ ও চিকিৎসাসেবাসংক্রান্ত যানবাহন, বিমানবন্দরগামী যাত্রীদের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে একটি করে গাড়ি ব্যবহারের সুযোগ থাকবে। জাতীয় মহাসড়ক, বন্দর ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল করার কথাও জানিয়েছে ইসি। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা প্রয়োজনে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।