Ridge Bangla

ভোটের অনুপাতে উচ্চকক্ষের ১০০টি আসন নির্ধারণে রায় দিয়েছে জনগণ: হামিদুর রহমান

ভোটের অনুপাতে উচ্চকক্ষের ১০০টি আসন নির্ধারণের পক্ষে দেশের জনগণ সুস্পষ্ট রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ সূচক বিপুল ভোটে জয়লাভ করায় ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো গ্রহণযোগ্যতা নেই। এ বিষয়ে কেউ ভিন্নমত পোষণ করে উদ্যোগ নিলে তা জনরায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শনের শামিল হবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি এ ধরনের কোনো অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান সংশ্লিষ্টদের প্রতি।

তিনি আরও বলেন, দেশে হামলা ও সহিংসতার ঘটনা অব্যাহত থাকলে রাজনৈতিক দলগুলোকে রাজপথে নামতে বাধ্য হতে হবে। এ ধরনের পরিস্থিতির রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জোটের পক্ষ থেকে জানানো হয়, দেশের বৃহত্তর স্বার্থে ১১ দলীয় জোট সংসদের ভেতরে ও বাইরে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবে। জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দায়িত্বশীল ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী। তবে যেসব বিষয়ে সমাধান আসবে না, সেসব ক্ষেত্রে রাজনৈতিকভাবে আন্দোলনের পথ বেছে নেওয়া হবে বলেও উল্লেখ করেন জোটের মুখপাত্র।

এ সময় তিনি অভিযোগ করেন, যেসব আসনে স্বল্প ব্যবধানে পরাজয় হয়েছে, সেগুলোতে পুনর্গণনার দাবি জানানো হলেও নির্বাচন কমিশন তা আমলে নেয়নি। বরং দ্রুত গেজেট প্রকাশ করা হয়েছে। এসব আসনে ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে রিট দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

This post was viewed: 4

আরো পড়ুন