ভোটাধিকার প্রয়োগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর খণ্ডিত বক্তব্য উপস্থাপন করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজধানীর একটি বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, চমৎকার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় তিনি অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে উল্লেখ করেন, ২০১৮ সালে একই কেন্দ্রে ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট আগেই প্রদান করা হয়েছে। অতীতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার সেই আক্ষেপের বিষয়টি তুলে ধরলেও, তার এই বক্তব্যের একটি খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ডিএমপি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল কমিশনারের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্টরা কাজ করছেন।