Ridge Bangla

ভেনেজুয়েলা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

ভেনেজুয়েলায় সাম্প্রতিক হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। কূটনৈতিক সূত্র জানায়, সোমবার (৫ জানুয়ারি) ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হবে। কলম্বিয়ার অনুরোধে ডাকা বৈঠকের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া ও চীন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, কোনো সার্বভৌম রাষ্ট্রে সামরিক হস্তক্ষেপ জাতিসংঘ সনদের মৌলিক নীতির পরিপন্থী এবং তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে।

এর আগেও যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা নিয়ে গত অক্টোবর ও ডিসেম্বর মাসে দুই দফা বৈঠক করেছিল নিরাপত্তা পরিষদ। তবে সাম্প্রতিক অভিযানের ফলে পরিস্থিতি আরও জটিল ও সংকটপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন কূটনীতিকরা।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেন, ভেনেজুয়েলায় নিরাপদ ও গ্রহণযোগ্য ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ওয়াশিংটন দেশটির পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। তবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করা হয়নি। ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে।

This post was viewed: 19

আরো পড়ুন