ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ডেম এমিলি থর্নবেরি। তিনি বলেছেন, এই পদক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং যুক্তরাজ্যের উচিত বিষয়টি স্পষ্টভাবে জানানো।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। এ ঘটনার আইনি ভিত্তি নিয়ে যুক্তরাজ্য সরকার এখনো অবস্থান স্পষ্ট করেনি। সরকার বলছে, অভিযানের আইনি ব্যাখ্যা দেওয়া যুক্তরাষ্ট্রের দায়িত্ব।
তবে ডেম এমিলি বিবিসি রেডিওকে বলেন, এটি কোনোভাবেই বৈধ পদক্ষেপ নয় এবং এর পক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি তিনি দেখেন না। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক অরাজকতা তৈরি করতে পারে এবং এতে রাশিয়া ও চীন উৎসাহিত হতে পারে।
এরই মধ্যে লেবার পার্টির কয়েকজন এমপি ছাড়াও লিবারেল ডেমোক্র্যাট, গ্রিন ও এসএনপির নেতারা মার্কিন অভিযানের সমালোচনা করেছেন। আজ সংসদে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এ বিষয়ে আরও সমালোচনা ওঠার সম্ভাবনা রয়েছে।