Ridge Bangla

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত, রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে কিউবা সরকার আগামী ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রোববার (৪ জানুয়ারি) কিউবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেনসা লাতিনার বরাতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নিহত কিউবান নাগরিকরা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে দেশটিতে কিউবার সামরিক মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযানের সময় তারা মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে এবং বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় চালানো বোমা হামলায় প্রাণ হারান। কিউবার পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহতরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রক্ষায় শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

কিউবা দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র হিসেবে মাদুরো সরকারের পক্ষে সামরিক ও নিরাপত্তা সহায়তা দিয়ে আসছে। গত শুক্রবার (২ জানুয়ারি) মার্কিন অভিযানের পর প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়, যা লাতিন আমেরিকাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, অভিযানে দেশটির সেনাসদস্য, বেসামরিক নাগরিক এবং প্রেসিডেন্টের নিরাপত্তা দলের বহু সদস্য নিহত হয়েছেন। তিনি বলেন, সার্বভৌমত্ব রক্ষায় ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

This post was viewed: 20

আরো পড়ুন