Ridge Bangla

ভূমিকম্পে ঘোড়াশালসহ দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ

নরসিংদী ঘোড়াশালসহ দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শুক্রবার (২১ নভেম্বর) জানিয়েছে, ঘোড়াশাল, বিবিয়ানা, বাঁশখালী, আশুগঞ্জ, সিরাজগঞ্জসহ দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। পিডিবি জানিয়েছে, দ্রুত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, কুমিল্লা, রাজশাহী ও খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভূমিকম্প অনুভূতির খবর পাওয়া গেছে।

নরসিংদীতে বড় ধরনের ভবন ধস না হলেও বহু বাড়িঘর ও ভবনে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে বাইরে বের হওয়ার সময় শতাধিক নারী-পুরুষ ও শিশু আহত হয়ে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানীতে ভবন হেলে পড়া ও ফাটলের খবর পাওয়া গেছে। বংশালে একটি ৫ তলা ভবনের রেলিং ভেঙে অন্তত তিনজন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে।

This post was viewed: 25

আরো পড়ুন