Ridge Bangla

“ভালো কিছু করতে গেলে বিরতি দরকার”: নিউ ইয়র্ক থেকে বললেন পারসা ইভানা

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। অভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে তিনি ভর্তি হয়েছেন ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে। এই কারণেই নাটকের পঞ্চম সিজনে তাকে দেখা যায়নি। দর্শকদের মতো তিনিও মিস করছেন তার অভিনয়জগৎকে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাসে ইভানা লিখেছেন, “আপনারা যেমন আমায় মিস করছেন, আমি তার থেকেও বেশি মিস করছি আমার অভিনয়কে। তবে আমি এখানে এসেছি আরও ভালো কিছু শেখার জন্য, যেন আপনাদের সামনে নতুন কিছু নিয়ে ফিরতে পারি। ভালো কিছু করতে গেলে মাঝে মাঝে একটু বিরতি দরকার হয়।”

তিনি আরও লেখেন, “জীবন অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু হেরে গেলে চলবে না। ফিরে আসতে হবে, নতুন করে, নতুন রূপে।” ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আমার জন্য দোয়া করবেন।”

পারসা ইভানার অভিনয় প্রশিক্ষণের যাত্রা শুরু হয় গত ৮ মার্চ। ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট নিজেই জুমে তার অডিশন নেন। অডিশনের সময় স্কট প্রশ্ন করেন, “তুমি তো তোমার দেশে একজন স্টার, তবে কেন আবার প্রশিক্ষণ নিতে চাও?” উত্তরে ইভানা বলেন, “আমি কখনও প্রাতিষ্ঠানিকভাবে অভিনয় শিখিনি। তাই অভিনয়ের গভীরতা বুঝতে চাই।”

তার পারফরম্যান্স দেখে স্কট এতটাই মুগ্ধ হন যে, সঙ্গে সঙ্গে তাকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকলেও ইভানা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নাচ এবং জীবনের আনন্দঘন মুহূর্তগুলো শেয়ার করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকছেন নিয়মিত।

ভবিষ্যতে অভিনয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়ে ইভানা তার ভক্তদের দিয়েছেন নতুন আশার আলো। তিনি বিশ্বাস করেন, বিরতির পর আরও শক্তভাবে ফিরে আসাই একজন শিল্পীর সত্যিকারের বিজয়।

This post was viewed: 90

আরো পড়ুন