Ridge Bangla

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সভা শেষে সাংবাদিকদের জানান, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

তিনি উল্লেখ করেন, বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় প্রয়োজন অনুযায়ী আরও আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববাজারে চালের দাম বাড়তির দিকে রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, চীন ভিয়েতনাম থেকে বিপুল পরিমাণ চাল কিনছে, যার প্রভাব আন্তর্জাতিক বাজারে পড়ছে। তবে এবার ভারত থেকে আমদানিকৃত চালের দাম গতবারের তুলনায় কিছুটা কম হওয়ায় তা স্বস্তির বিষয়।

সভায় মরক্কো থেকে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। এছাড়া আরও ৪০ হাজার মেট্রিক টন সার আসবে। সারের দাম তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।

সভায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একটি ভবন নির্মাণের জন্য ১০৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকারের চারটি সড়ক প্রকল্প এবং ময়মনসিংহে ১৯টি বিদ্যুৎ সাবস্টেশন বিতরণ প্রকল্প অনুমোদন লাভ করে।

অর্থ উপদেষ্টা আরও জানান, আগামী রমজান মাসকে সামনে রেখে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে রাইস ব্র্যান অয়েল আমদানিও বাড়ানো হবে।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের জন্য একটি ভবন নির্মাণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হলে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ অনুমোদন বাতিল করতে পারে বিধায় এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

This post was viewed: 29

আরো পড়ুন