বাঙালি মানেই মাছে-ভাতে তৃপ্তি। সকালে আটার রুটি আর দুপুরে প্লেটভর্তি ধোঁয়া ওঠা সাদা ভাত ছাড়া আমাদের ভোজনবিলাস যেন পূর্ণতা পায় না। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে পেটের মেদটুকু যখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তখনই অবধারিতভাবে চলে আসে ডায়েটের প্রসঙ্গ। তখন কার্বোহাইড্রেটের সাথে সম্পর্ক ছিন্ন করে ওজন কমানো অনেকের কাছেই পাহাড় ডিঙানোর মতো কঠিন মনে হয়।
তবে ভাত-রুটি বা আমাদের নিয়মিত খাবার ছাড়াই যদি একইসাথে রসনাতৃপ্তি ও দ্রুত মেদ কমানো যায় তবে বিষয়টি নিশ্চয়ই চমকপ্রদ হবে, তাই নয় কি? আধুনিক ডায়েট চার্টে এই চমকের নামই হলো ‘কিটোজেনিক ডায়েট’ বা সংক্ষেপে ‘কিটো ডায়েট’। ভাতের মায়া ত্যাগ করে চর্বি আর প্রোটিন খেয়ে ওজন কমানোর এই পদ্ধতিটি অনেকের কাছেই জাদুর মতো মনে হতে পারে।
কিটো ডায়েট আসলে কী?
সহজ কথায়, কিটো ডায়েট হলো এমন একটি খাদ্যাভ্যাস যেখানে শর্করা বা কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে চর্বি বা ফ্যাট জাতীয় খাবার বাড়ানো হয়। সাধারণত আমাদের শরীর শক্তির জন্য কার্বোহাইড্রেট পুড়িয়ে গ্লুকোজ তৈরি করে। কিন্তু যখন আমরা কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দিই, তখন শরীর বিকল্প শক্তির উৎস হিসেবে শরীরের জমানো চর্বি পোড়াতে শুরু করে। এই অবস্থাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘কিটোসিস’। অর্থাৎ, শরীর তখন চিনি বা শর্করার বদলে চর্বি পুড়িয়ে শক্তি জোগাড় করে। ফলে দ্রুত ওজন কমে।
রাজকীয় খাবারে তৈরি খাদ্যতালিকা
অনেকের ধারণা ডায়েট মানেই না খেয়ে থাকা বা বিস্বাদ সব সবজি সেদ্ধ খাওয়া। অনেকে ভাবেন ডায়েট মানেই না খেয়ে থাকা। কিটো ডায়েট এই ধারণাকে ভুল প্রমাণ করে। এখানে পাত ভরে ওঠে মুখরোচক খাবারে। মাছ, মাংস এবং ডিম কিটো ডায়েটের প্রধান উৎস। মুরগির রোস্ট, গ্রিলড ফিশ, কিংবা মাখনে ভাজা ডিম এই ডায়েটে আপনি সবই খেতে পারবেন।
এই পদ্ধতিতে লাল মাংসের সাথে চর্বিটুকুও বাদ দেওয়ার প্রয়োজন নেই। দুগ্ধজাত খাবার যেমন- পনির (চিজ), টক দই খাওয়া যায়। এই ডায়েটে খাবার রান্নায় সয়াবিন তেলের বদলে ঘি, মাখন বা অলিভ অয়েল ব্যবহার করা হয়। খাবারে এই ফ্যাটগুলোর ব্যবহার স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ। এসময় সবুজ শাকসবজি যেমন পালং শাক, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি এবং লাউ প্রচুর পরিমাণে খাওয়া যায়। মাখন দিয়ে ভাজা ব্রকলি বা পনির দিয়ে পালং শাক হতে পারে দারুণ সুস্বাদু। হালকা জলখাবারের ক্ষেত্রে এক মুঠো কাঠবাদাম, পেস্তা, আখরোট কিংবা একটু চিজ (পনির) আপনার ক্ষুধা নিবারণের পাশাপাশি জোগান দেবে প্রয়োজনীয় পুষ্টি।
শর্করাহীন জীবনে রসনাতৃপ্তির কৌশল
বাঙালি হিসেবে ভাত বা রুটির বিকল্প ভাবাটা শুরুতে একটু কঠিন মনে হতে পারে। তবে একটু সৃজনশীল হলেই স্বাদ আর স্বাস্থ্য উভয়ই ধরে রাখা সম্ভব। ভাতের বদলে এখন অনেক জায়গায় ‘ফুলকপির রাইস’ (Cauliflower Rice) জনপ্রিয় হচ্ছে। ফুলকপি কুচি করে হালকা ভেজে নিলে তা অনেকটা ভাতের মতোই দেখায়। আটার রুটির বদলে বাদামের গুঁড়ো দিয়ে তৈরি করা যায় কিটো-রুটি। আবার মিষ্টিজাতীয় খাবারের তৃষ্ণা মেটাতে সুগার ফ্রি খাবার বেছে নেয়া যেতে পারে। কিটো ডায়েট মূলত আমাদের শেখায় কীভাবে ভাত-রুটির মতো নিয়মিত খাবার ছাড়াও কিভাবে অন্যান্য খাবারও সমানতালে উপভোগ করা যায়।
কীভাবে শুরু করা যায় কিটো ডায়েট?
কিটো ডায়েট শুরু করা মানেই রাতারাতি সব বন্ধ করে দেওয়া নয়। এটি একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শুরুতে ধীরে ধীরে শর্করাজাতীয় সব ধরণের খাবার খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে। কিটোসিস প্রক্রিয়া শুরু হলে শরীর থেকে প্রচুর পানি ও লবন বেরিয়ে যায়। তাই দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করা জরুরি। পানির সাথে সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে নিলে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় থাকে। আবার রাত জাগলে ওজন কমানোর প্রক্রিয়া মন্থর হয়ে যায়। তাই এই ডায়েটের মাধ্যমে ওজন কমাতে পর্যাপ্ত ঘুম অপরিহার্য।
তবে এই ডায়েট অনুসরণ করলে শুরুর দিকে সামান্য মাথা ঘোরা, ক্লান্তি ভাব বা কোষ্ঠকাঠিন্য হতে পারে যাকে ‘কিটো ফ্লু’ বলা হয়। এতে ভয়ের কিছু নাই। শরীর নতুন ব্যবস্থার সাথে মানিয়ে নেয়ার প্রক্রিয়া হিসেবে এই উপসর্গগুলো দেখা দেয়। এটি কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যায়। তবে যারা কিডনি সমস্যায় ভুগছেন, গর্ভবতী নারী বা ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিচ্ছেন, তাদের অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ডায়েট শুরু করা উচিত।
ওজন কমানো মানে নিজেকে কষ্ট দেওয়া নয়। বরং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীরকে পুনর্গঠন করা। ভাত-রুটি ছাড়াই যে রসনাতৃপ্তি সম্ভব কিটো ডায়েট তা প্রমাণ করে দিয়েছে। শুরুর কয়েকদিন চ্যালেঞ্জিং মনে হলেও এর সুদূরপ্রসারী ফলাফল অবাক করার মতো।
একটু ধৈর্য আর সঠিক পরিকল্পনার মাধ্যমে এই ডায়েট অনুসরণ করলে ওজন কমানোর পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে আরও সুস্থ থাকা সম্ভব।