Ridge Bangla

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৫০ জন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা আতঙ্ক বিরাজ করে।

স্থানীয় সূত্র জানায়, সরাইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির খান নিজ নিজ অনুসারীদের নিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন। এলাকায় আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ পুরোনো। সম্প্রতি খান গ্রুপের সদস্য মিন্টু খাঁ একটি ঘর নির্মাণ শুরু করলে তালুকদার গ্রুপের জহির শেখ এতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এরই জেরে মঙ্গলবার সকালে পূর্বঘোষণা দিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। এ সময় মিন্টু খাঁর দুটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান বলেন, তালুকদার ও খান গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। সাম্প্রতিক ঘর নির্মাণের ঘটনাই নতুন করে সহিংসতার সূত্রপাত করেছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

This post was viewed: 9

আরো পড়ুন