Ridge Bangla

ভবিষ্যতে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতেই গণভোট: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা যেন আর কখনও ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারেন- এই লক্ষ্যেই আসন্ন গণভোট আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি সম্মতি নিয়ে রাষ্ট্র পরিচালনার কাঠামোয় মৌলিক পরিবর্তনের পথ তৈরি করা হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকায় এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত ‘আসন্ন গণভোট এবং এনজিওসমূহের করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালাটি সঞ্চালনা করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। এতে দেশি-বিদেশি প্রায় সাড়ে চারশ এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, বিদ্যমান ত্রুটিপূর্ণ সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামোর কারণেই ক্ষমতাসীনরা ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পান। তিনি বলেন, এই কাঠামোগত দুর্বলতা দূর করতেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন নিশ্চিত করা প্রয়োজন।

তিনি জানান, সাধারণ নির্বাচনের মতোই গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা ভোটকেন্দ্রে দুটি ব্যালট পাবেন- একটি সাদা ব্যালটে জনপ্রতিনিধি নির্বাচন এবং অপরটি রঙিন ব্যালটে গণভোটে মতামত প্রদান করবেন। গণভোটের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে।

This post was viewed: 20

আরো পড়ুন