Ridge Bangla

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশের নতুন ১৮তম অ্যাটর্নি জেনারেল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (২৫ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

এর আগে গত ২৭ ডিসেম্বর সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল কাজল বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে সুপরিচিত। আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি তিনি আইনজীবীদের মধ্যেও একজন জনপ্রিয় নেতা। তিনি পরপর তিন মেয়াদে (২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯৫ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশা শুরু করেন কাজল। পরের বছর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ২০০৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২৩ সালে তাকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সাংবিধানিক আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি অ্যামিকাস কিউরি হিসেবে আদালতে মতামত দিয়েছেন।

উচ্চ আদালতের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় তার যুক্তিতর্ক আইনজীবী মহলে প্রশংসিত হয়েছে। বিশেষ করে সংবিধান সংশোধনী সংক্রান্ত মামলাগুলোতে তার ভূমিকা আলোচিত।

এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে বিভিন্ন মামলায় অংশ নিয়ে তিনি পরিচিতি লাভ করেন। পেশাগত জীবনের পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও তার অভিজ্ঞতা রয়েছে; ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রাখা কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি (অনার্স) এবং লিংকনস ইন থেকে ব্যারিস্টার-এট-ল’ ডিগ্রি অর্জন করেন।

This post was viewed: 2

আরো পড়ুন