Ridge Bangla

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা-শিল্পীসহ ৬ জনের বিরুদ্ধে আইনি নোটিশ

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন নিয়ে চলছে দর্শকদের ব্যাপক আলোচনার ঝড়। ইতোমধ্যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই সিজনের আটটি পর্ব। তবে এবার নাটকের কিছু সংলাপ ও দৃশ্য নিয়ে উঠেছে আপত্তি। নাটকের পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা এবং প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মস প্রোডাকশনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

৮ জুলাই (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন এই আইনি নোটিশ পাঠান। এতে নাটকে অশ্লীল সংলাপ, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তোলা হয়েছে।

নোটিশে বলা হয়, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত বেশ কিছু সংলাপ যেমন—‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’, ‘বাঙালি পোশাক লুঙ্গি’, ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি তরুণদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে এবং নারীদের অবমাননা করছে।

এতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ অনুযায়ী শিশু-কিশোরদের মানসিক বিকাশে ক্ষতিকর কোনো কনটেন্ট প্রচার করা দণ্ডনীয় অপরাধ। নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে কিশোর ও তরুণদের ভাষা ও আচরণে প্রভাব ফেলছে বলে দাবি করা হয়।

আইনি নোটিশে ৭ কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিও অনলাইন থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

This post was viewed: 146

আরো পড়ুন