ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির করার বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ব্যবহৃত মোবাইল বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে।
বাংলাদেশে মোবাইল ফোন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম ১ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে চালু করা হয়েছে। এই সিস্টেম কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতেই স্পেকট্রাম বিভাগ থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে, যা ৩ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিটিআরসি জানিয়েছে, এনইআইআর চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করা সহজ হবে। পাশাপাশি কমিশন জানায়, নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনে সিম পরিবর্তন, অন্য কাউকে ব্যবহারের জন্য হস্তান্তর বা বিক্রয়ের আগে অবশ্যই ফোনটি ডি-রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে থাকা নিবন্ধন থেকে অবমুক্ত করা বাধ্যতামূলক।
বিটিআরসি জানিয়েছে, সিম ডি-রেজিস্ট্রেশন করতে হলে সিম ক্রয়ের সময় ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিটিআরসি’র ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করা যাবে। পাশাপাশি সহায়তার জন্য বিটিআরসি’র কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা বা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সাহায্য নেওয়া যাবে।