পটুয়াখালীর দুমকি উপজেলায় নিতাই চন্দ্র নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে। গত শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত নিতাই চন্দ্র পেশায় একজন ব্যবসায়ী। বর্তমানে তিনি দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অতসী উপমা ঐশী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তির মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ভুক্তভোগীর দাবি, বিকেলে নিজের দোকানে গেলে পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশী শুভাষ চন্দ্র শীলের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক জলিল হাওলাদারসহ কয়েকজন সেখানে এসে রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন।
এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম হাওলাদারের বক্তব্য জানার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক জলিল হাওলাদার অভিযোগ করেন, নিতাই চন্দ্র তাদের গালিগালাজ করায় তাকে মারধর করেছেন।
দুমকি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুজ্জামান বলেন, ঘটনাটি নিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।