বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের অর্থনীতি পুনর্গঠনে একগুচ্ছ বড় পরিকল্পনার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বাজেট সহায়তা গ্রহণের পাশাপাশি জ্বালানি আমদানিতে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খোঁজা হচ্ছে। নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৫০ লাখ পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি ভাতা দেওয়া শুরু হয়েছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ব্যাংক খাতের অনিয়ম দূর ও খেলাপি ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি কৃষি বিমা চালু, নিত্যপণ্যের বাজার তদারকি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরবরাহব্যবস্থা জোরদার করা হচ্ছে।
রাজস্ব আয় বাড়াতে করব্যবস্থার আধুনিকায়ন, রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি টেকসই, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে।