Ridge Bangla

বৈরি আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া ও বৃষ্টির কারণে দেশের অন্যতম ব্যস্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতের দিকে হঠাৎ করেই ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হলে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বর্তমানে পাটুরিয়া ঘাটে আটটি এবং দৌলতদিয়া ঘাটে চারটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। তবে মাঝনদীতে কোনো ফেরি আটকে নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, যা কিছুটা স্বস্তির বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু বলেন, বৈরি আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

This post was viewed: 3

আরো পড়ুন